
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ইসলামবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বনামধন্য ইসলামবাগ মাদ্রাসায় হাফেজি শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বহু বছর আগে ফুরফুরা শরীফের হুজুর পীর সাহেবের উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসাটি কুরআন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতি বছর এখান থেকে বহু হাফেজে কুরআন শিখে বের হচ্ছেন।
রমজান মাস উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এখানে প্রতিদিন ইফতার আয়োজন করে থাকেন। মাদ্রাসাটির পরিবেশ অত্যন্ত মনোরম হলেও পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধার অভাবে এর কাঠামোগত উন্নয়ন থমকে আছে। এ প্রসঙ্গে মাদ্রাসার হাফেজ ইমরান হুজুর গণমাধ্যমকে জানান, “যদি সরকারিভাবে মাদ্রাসাটির উন্নয়নে সহায়তা করা হয়, বিশেষ করে আবাসিক ভবনগুলোর সংস্কার করা হয়, তাহলে শিক্ষার্থীরা আরও আরামে থাকতে পারবে। বর্ষা মৌসুমে ছিদ্রযুক্ত টিনের ছাদ দিয়ে পানি পড়ার কারণে শিক্ষার্থীদের কষ্ট করে থাকতে হয়।”
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাফেজ ইমরান হুজুর ইফতারের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “ইফতারের সময় দোয়া করলে তা কবুল হয়। তাই আমাদের উচিত বেশি বেশি এবাদত করা।” অন্যান্য আলেমরা তারাবির নামাজ, রোজা ও নফল এবাদতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
পরিশেষে হাফেজ ইমরান হুজুরের দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
