
গাজীপুরের মনিপুর বাজার অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে সুইপার কাশেমের বিরুদ্ধে।
এ ঘটনায় লাইনম্যান আনিছ জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনিপুর বাজার অটোরিকশা স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন আনিছ। কিন্তু মনিপুর নামাপাড়ার বাসিন্দা কাদের হাজীর ছেলে কাশেম শিকদার (ওরফে ময়লা কাশেম) ও বাকের সিকদার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছিলেন। এ জন্য তারা লাইনম্যানদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।
মঙ্গলবার রাতে কাশেম শিকদার তার লোকজন নিয়ে এসে লাইনম্যানদের স্ট্যান্ড ছেড়ে চলে যেতে বলেন। লাইনম্যানরা এতে আপত্তি করলে বিবাদীরা তাদের ওপর হামলা চালান। এক পর্যায়ে কাশেম শিকদার আনিছের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। অন্য লাইনম্যানদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আনিছকে উদ্ধার করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কাশেম শিকদার প্রকাশ্যে হুমকি দেন যে, লাইনম্যানরা স্বেচ্ছায় স্ট্যান্ড না ছাড়লে তিনি তাদের হত্যা করে স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেবেন।
আনিছ জানান, “মনিপুর এলাকায় অনেক মিল-ফ্যাক্টরি থাকায় এটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে, ফলে যানজটের সৃষ্টি হয়। অটোচালকরা মিলে যানজট নিয়ন্ত্রণের জন্য আমাকে ও আরও কয়েকজনকে লাইনম্যান হিসেবে দায়িত্ব দেন। কিন্তু ময়লা কাশেম আমাদের কাছে স্ট্যান্ড বাবদ টাকা দাবি করতেন। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে, স্ট্যান্ড দখল নিতে তিনি আমাদের মারধর করেন। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
অভিযোগের বিষয়ে কাশেম শিকদার বলেন, “তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং রিপন নামে একজন নিয়মিত এখানে চাঁদা আদায় করে। আমরা এতে বাধা দিলে, তারা উল্টো আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনার ভিডিও ও প্রমাণ আমার কাছে রয়েছে।”
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
