শার্শায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামের এক বৃদ্ধাকে হত্যা মামলার পলাতক প্রধান আসামি অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। শার্শা থানা পুলিশের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি অপু মোড়ল সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থান করছে। এরপর বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদের একটি টিম সেখানে অভিযান চালিয়ে অপু মোড়লকে আটক করে। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

ওসি রবিউল ইসলাম আরও জানান, আটককৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল বৃদ্ধা রহিমা খাতুনকে পিটিয়ে হত্যা করেন। নিহত রহিমা খাতুন পিঁপড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী।

হত্যাকাণ্ডের পরপরই অপু মোড়ল ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। পরে, ৬ ফেব্রুয়ারি নিহতের পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *