
মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটরসাইকেল চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে তাদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন মুক্তাগাছায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (৭ মার্চ) জুম্মার নামাজের পর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমার দেশ পএিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদৌস আলম, সাংবাদিক সাইফুজ্জামান দুদু, আইনজীবি নাজমুল হক, বিরাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডাঃ মকামে মোহাম্মদ, ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, পৌর শিবিরের সভাপতি জুয়েল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া কো-অপারেটর দেলোয়ার হোসেন প্রমূখ।
এসময় প্রায় শতাধিক জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, টিআইবি’সহ মুক্তাগাছার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এসময় জুলাই আন্দোলনের পরেও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্করণ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। রাজনৈতিক বেড়াজাল থেকে বের হয়ে পুলিশকে সামাজিক দূর্ভোগ ও অপরাধ দূরীকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এর আগে সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটর সাইকেল চুরির ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা করে মুক্তাগাছাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যায় নন্দিবাড়িতে অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা বিএনপির ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলটি চুরি হয়। জুলাই আন্দোলনের পর মীর সবুর আহমেদ কতিপয় দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও কালোবাজারীদের নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন জুলাই আন্দোলনের দায়িত্ব পালন করা সাহসী এই সাংবাদিক। মোটরসাইকেল পরিকল্পিতভাবে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
