যশোরের শার্শায় উলাশীতে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত রোকনের মৃত্যু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত যশোরের শার্শায় আব্দুর রশিদ রোকন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। শুক্রবার দিবাগত-রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোকনুজ্জামানের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২ টার পরপরই তার মৃত্যু হয়।
এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *