
বেনাপোল প্রতিনিধি: অল্প কিছুক্ষণের মধ্যেই যশোর টাউন হল মাঠে শুরু হতে যাচ্ছে বিএনপির বৃহৎ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির অক্লান্ত প্রচেষ্টায় ইতোমধ্যে সমাবেশস্থল প্রস্তুত হয়ে গেছে। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। তারা হাতে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে শহরের বিভিন্ন এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, “৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই আমাদের প্রথম সমাবেশ। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছি। জনগণের রায়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই আমাদের প্রত্যাশা।”
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকারের দাবিতে লড়াই করছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফল পরিণতিতে আমরা আজ গণতন্ত্রের পথে ফিরতে চাই।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, “বিগত সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে গেছি। এবার মুক্ত পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ছাত্রদল সর্বোচ্চ সংখ্যক কর্মী নিয়ে উপস্থিত থাকবে।”
সমাবেশকে ঘিরে গোটা টাউন হল ময়দান সাজসাজ রব। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে মিছিল ও প্রচারপত্র বিলি করা হয়েছে। দলীয় নেতারা আশা করছেন, এই সমাবেশ গণজোয়ারের নতুন মাত্রা যোগ করবে এবং বিশাল জনসমুদ্রে পরিণত হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
