
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বাশতলা দক্ষিণ কলোনীর মধ্য দিয়ে ভারত থেকে একটি খাল মৌলা নদীর তীরে এসে মিশেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বাংলাবাজার সীমান্তবর্তী বাশতলা দক্ষিণ কলোনী গ্রামের মৃত আনছার আলীর ছেলে অহেদ আলী জানান, কৃষিজমির পাশের একটি খাল বর্তমানে নালায় পরিণত হয়েছে। বোরো মৌসুমে ফসল চাষ করে তাদের পরিবার জীবিকা নির্বাহ করে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রবাহিত পানি বাংলাদেশে প্রবেশ করে। এতে শত শত কৃষকের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং কৃষিজমি প্লাবিত হয়ে ফসল ধ্বংস হয়ে যায়। কৃষকরা এই ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে।
কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু কৃষক ও ভূমিখেকোরা খালের দুই পাড় অবৈধভাবে দখল করে খালটিকে নালায় রূপান্তরিত করেছে। ফলে স্থানীয় শত শত কৃষক তাদের ফসলের সঠিক উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযুক্ত কৃষক আব্দুল মন্নান বলেন, “খাল দুই দিক বড় করতে আমাদের কোনো আপত্তি নেই।”
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন, “সীমান্তবর্তী এলাকার কৃষকদের পক্ষ থেকে খাল দখলের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। দ্রুত সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
