জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত ঝরনার বাঁচার আকুতি

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত ৪৫ বছর বয়সী ঝরনা আক্তার রোগ থেকে মুক্তি পেতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সরেজমিনে তাঁর স্বামী জসিম উদ্দিন জানান, এর আগে ধার-দেনা ও এলাকাবাসীর সহায়তায় তিনটি থেরাপি দেওয়া সম্ভব হয়েছে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আরেকটি থেরাপি অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।

ঝরনা আক্তারের একমাত্র মেয়ে খাদিজা আক্তার (২০) দৃষ্টি প্রতিবন্ধী এবং অবিবাহিত। ঝরনার স্বামী জসিম উদ্দিন দিনমজুরির কাজ করেন। তাঁরা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। দারিদ্র্যের কারণে ঝরনা আক্তারের সংসার খুব কষ্টে চলছে। তাঁদের কোনো জমিজমা নেই। মাত্র এক শতাংশ জায়গার ওপর ভাঙাচোরা টিনের দুচালা ঘরে বাস করেন, যা বসবাসের অনুপযোগী।

গত ৯ মাস ধরে জরায়ু মুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ঝরনা। এই রোগের কারণে তিনি স্বাভাবিকভাবে সংসারের কোনো কাজ করতে পারছেন না। ভয়াবহ এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় চিকিৎসার খরচ যোগাতে পারছেন না। তাই তিনি সমাজ ও রাষ্ট্রের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

ঝরনা আক্তার জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। ছয়টি থেরাপির মধ্যে তিনটি সম্পন্ন হয়েছে। তবে আরও তিনটি থেরাপি বাকি রয়েছে। অর্থের অভাবে এই থেরাপি করানো সম্ভব হচ্ছে না।

ঝরনা আক্তারের স্বামী জসিম উদ্দিন বলেন, “আমাদের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব নয়। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের সাহায্য করেন, তাহলে ঝরনার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৬৪২০৬৫০৩৫

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, ঝরনা আক্তারের স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য সরকার ৫০ হাজার টাকা সহায়তা দেয়। ঝরনা আক্তার আবেদন করলে তাঁকে সার্বিক সহযোগিতা করা হবে।”

ছবিতে দেখা যাচ্ছে ঝরনার পরিবার। সর্ব ডানে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত ঝরনা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *