চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীন চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে, সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 












