রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

রাজশাহী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে বিএনপির এক পক্ষ সংবাদ সম্মেলন আয়োজন করে।

মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী নগরীর মাস্টার্স সেফ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানোর উপজেলার বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ঘোষণার বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী-১ আসনের তানোর-গোদাগাড়ী উপজেলায় লিফলেট বিতরণের সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

বক্তব্যে বলা হয়, গত রবিবার বিকেল ৩টার দিকে তানোর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেকের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভাগ্নে এবং কৃষক লীগের তানোর পৌর শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও যুব নেতা জুবাসহ ৮-১০ জন লাঠি, বাঁশ ও ইট নিয়ে হামলা চালায় এবং লিফলেট বিতরণে বাধা দেয়।

হামলার সময় চারটি মাইক্রোবাসের সামনের গ্লাস ভাঙচুর করা হয় এবং কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। এ সময় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেকের বাম পায়ে ইটের আঘাত লাগে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা এখানেই থেমে থাকেনি। তারা লিফলেট বিতরণকারীদের তালিকা তৈরি করে এবং পরবর্তীতে রাস্তায় একাকী পেয়ে তাদের মারধর করেছে। সোমবার সকাল ১০টার দিকে আজিজুর রহমান অন্তরকে একা পেয়ে যুব নেতা জুবা হামলা চালায়।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

বক্তব্যে আরও বলা হয়, হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছে। তানোরে সাবেক মেয়র মিজানুর রহমান মিজান তার ব্যক্তিগত স্বার্থে হাবিবকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানিয়েছেন। বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে মিজানুর রহমান মিজান পুকুর দখল, ডিস ব্যবসা দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে তানোরে আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং রাজশাহী জেলা বিএনপির কাছে হামলার নির্দেশদাতা এবং সহযোগীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

এ বিষয়ে মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *