রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে দুইটি গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। এতে একজন ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করায় তাকে গণপিটুনির ঘটনা ঘটে। বৃহস্পতিবার নগরীর সিএন্ডবি মোড়ে সংঘটিত এই ঘটনার পর, শুক্রবার রাজশাহী মহানগর ছাত্রদল বড়কুঠি কফিবারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, যুগ্ম-সম্পাদক আদিউল ইসলাম সজিব, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব আহমেদ রায়হান, এবং নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান লিমন।

লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, “জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে ভুয়া সমন্বয়ক সেজে স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী খোলস পাল্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।”

তিনি আরও বলেন, “০৫ আগস্টের পর থেকে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দাবি করে বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছেন। অথচ কেন্দ্রীয় সমন্বয়কদের মতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত রাজশাহী জেলা ও মহানগরে কোনো বৈধ সমন্বয়ক কমিটি নেই।”

তিনি অভিযোগ করেন যে, “বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কুৎসা রটনা করেছেন। অথচ উক্ত ঘটনার সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে সাধারণ শিক্ষার্থী আব্দুর রহিম উল্লেখ করেছেন যে, একটি গ্রুপ একজন ভুয়া সমন্বয়ক এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের চেষ্টা করছিল। ওই ভুয়া সমন্বয়ক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।”

মহানগর ছাত্রদল সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, “ছাত্রদল শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্রদল নিরলস কাজ করছে। আমরা রাজশাহী মহানগর ছাত্রদলকে কলঙ্কমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *