দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাতে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে শামছুন্নাহারের তিন বোন ও এক বোনজামাই আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহারের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম, নুরুন্নেছা ও বোনজামাই রাজিব মিয়া আহত হন। তাদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, “কদম গাছের পাতা খাওয়া নিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। নিহত শামছুন্নাহারের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *