ভারতে যাওয়ার সময় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন (৫৭) কে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চুড়ামনকাঠি এলাকার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবাদত হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরা সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মামলাটি হয় (মামলা নম্বর-৫২)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসান এবং চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকেই গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরার কলারোয়া থানার এই হত্যা মামলার আসামি পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে ভারতে পালানোর চেষ্টা করবেন। এ তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।

আলফাজ উদ্দিন ইমিগ্রেশনে তার পাসপোর্টে এক্সিট সিল মারাতে এলে, তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার নিজ এলাকায় খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া যায় যে তিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এরপর তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। কলারোয়া থানায় তার আটকের বিষয়টি জানানো হয়েছে, এবং সেখান থেকে পুলিশের একটি দল আসার পর তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *