
স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকায় সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল ৩টার দিকে মো. খায়রুল ইসলাম ও মাহবুব হাসান খোকনের মালিকানাধীন গাজী মার্কেটের ৬টি দোকান, এটিএম কিন্ডারগার্টেন স্কুলের ৫টি কক্ষ এবং পাশে একটি বাসার ৫টি কক্ষ আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, খায়রুল ইসলামের বাসা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত মার্কেটের দোকান ও স্কুলের কক্ষে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।