
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান পরিচালনা করে মাদকের এই চালান উদ্ধার করে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবির আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, রবিবার বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেনের একটি সন্দেহজনক ব্যাগ থেকে আনুমানিক ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলেও ব্যাগটির মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো ধ্বংস করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
