
গাজীপুর প্রতিনিধি: ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং যানজট নিরসনে এসব অভিযান চালানো হয়।
গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫৫টি মামলা করা হয়েছে। এ সময় ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া চালক, যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং পরিবহনসংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
মাহফুজুর রহমান বলেন, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ফলে এবার গাজীপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া ঘরমুখো মানুষ তুলনামূলক স্বস্তিতে যাত্রা করতে পেরেছেন। মহাসড়কগুলোতে বড় ধরনের যানজটও দেখা যায়নি। একই সঙ্গে ঈদযাত্রাকালে উল্লেখযোগ্য কোনো সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেনি।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিআরটিএর এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের ভবানীপুরে মাদকবিরোধী ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
- -
দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
- -
গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
- All Posts
