নির্বাচনে বিজয়ী হলে গণআন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো: আলাল মিয়া

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ–১ (হোসেনপুর–সদর) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়া বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তিনি গণআন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবেন।

আজ ২১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক কাঁচি বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আলাল মিয়া বলেন, “আমি লড়ছি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, তা বাস্তবায়নের জন্য। সংসদ হবে আন্দোলনের কণ্ঠস্বর—সংসদ ও রাজপথ দু’জায়গা থেকেই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায্য মজুরি, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ভোটাধিকার নিশ্চিত করাই তার রাজনৈতিক অঙ্গীকার। আলাল মিয়া জানান, আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার তিনি হোসেনপুর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তিনি সবাইকে আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি কাঁচি প্রতীকে ভোট দেওয়ার জন্য। তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচনী আচরণবিধি পালনে কিশোরগঞ্জে তিনি সবার সেরা অবস্থানে আছেন এবং নির্বাচন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ ও আইন মেনে চলবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও জোরদার হবে।