হোসেনপুর গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি জনসচেতনতামূলক অবহিতকরণ সভার আয়োজন করে। সভার মূল উদ্দেশ্য ছিল জনগণকে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও কাজী নাহিদ ইভা তার বক্তব্যে বলেন,“গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। জাতীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। হোসেনপুরের প্রতিটি মানুষ সচেতন হয়ে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করুক—এটাই আমাদের প্রত্যাশা। কেউ যেন ভোট থেকে দূরে না থাকে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সকল স্কুল-কলেজ, হাটবাজার, মসজিদ প্রাঙ্গণসহ গণসমাগমস্থলে প্রচারণা চালানো হচ্ছে। বিশেষভাবে নারীদের অংশগ্রহণ বাড়াতে স্থানীয় কমিটি ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাঠে কাজ করছেন।

সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও তাদের বক্তব্যে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। তাদের মতে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জুলাই মাসে বাস্তবায়িত জাতীয় সনদ জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে আরও কার্যকর হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রচারণা, সচেতনতা সভা ও জনসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হবে এবং সরকারি নির্দেশনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত হবে। এই উদ্যোগের ফলে হোসেনপুরের মানুষ শুধু ভোটের গুরুত্বই বুঝছে না, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন হয়ে উঠছে।