গাজীপুরে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাগিনার হাতে মামা খুন

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলায় নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাগিনার হাতে মামা খুনের ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভবানীপুর জয়বাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান (২৩) সদর উপজেলার ভবানীপুর এলাকার স্থানীয় আলি নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামানের ছেলে সৌরভ (১৮) নেশার জন্য মামা আনিসুরের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আনিসুর নিজের ঘরে শুয়ে পড়লে ক্ষিপ্ত সৌরভ ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

এলাকাবাসী প্রথমে আনিসুরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে উত্তরার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনিসুরের মামা রশিদ জানান, সৌরভ আর আনিস তারা দুজনেই মামা ভাগিনা। তাদের মধ্যে আগে থেকে ভালো সম্পর্ক ছিল। আনিসের মা-বাবা কিছুদিনের জন্য ভারতে গিয়েছে। সে সময় আনিসকে ১০–১২ দিনের জন্য সৌরভদের বাড়িতে রেখে যান। তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছে, তিনি জানেন না। তবে শুনেছেন, সৌরভের ভাবী বুটি দিয়ে তরকারি কাটছিলেন। তখন সৌরভ ভাবীর কাছ থেকে বুটিটা নিয়ে আনিস যে ঘরে শুয়ে ছিল সেখানে গিয়ে তাকে এলোপাতারি কোপাতে থাকে।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামা-ভাগিনার মধ্যে কথাকাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্ত সৌরভকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *