
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে শরীয়তপুর জেলার বাসিন্দা আরব আলী ও কামালের ৪টি করে এবং শেরপুরের ফরহাদের ৪টি ঘর রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্তদের একজন, মণ্ডল গার্মেন্টসের শ্রমিক তানিয়া জানান, সকাল ১০টার দিকে কর্মস্থলে থাকাকালীন তিনি আগুন লাগার খবর পান। তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। আগুনে তার ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে গেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা ও শরিফুল ইসলাম শরিফ। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রাকিবুল হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
