
পাবনার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় আব্দুল ওহাব মন্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযুক্ত ছোট ভাই আরব মন্ডল তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
বুধবার (৭ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল ওহাবের মৃত্যু হয়। এর আগে, রাত ৩টার দিকে চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব মন্ডল মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল তার আপন ছোট ভাই, যিনি মাত্র ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে আরব মন্ডল তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং তাকে মারধর করতে থাকেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব বাধা দিলে আরব ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওহাব তাকে বলেন, “মেয়েটিকে মারার দরকার নেই, তার বাড়িতে খবর দাও, তারা এসে নিয়ে যাবে। সে যদি মারা যায়, তবে বড় বিপদ হবে।” বারবার নিষেধ করার পরও আরব ক্ষান্ত না হয়ে বড় ভাইকেও মারধর শুরু করেন। একপর্যায়ে ওহাব দৌড়ে পালানোর চেষ্টা করলে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন আরব।
আহত অবস্থায় ওহাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আরব মন্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছিল। এবার পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত আরব ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।