মুক্তাগাছায় কৃষি খামারে হামলা ও মাছ লুটের চেষ্টার অভিযোগ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

ময়মনসিংহ ব‍্যুরো ও মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামে সন্ত্রাসী কায়দায় মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও খামার মালিক জয়নাল আবেদিন এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোগা ইউপির হতরপাড়া গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে জয়নাল আবেদিনের কৃষি খামারে কয়েকটি পুকুর,গরুর খামার ও নার্সারি রয়েছে। ওই খামারে একই গ্রামের হারুন,ইস্রাফিল,আল-আমিন,মোফাজ্জলসহ একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে খামারের চারটি পুকুরের মাছ লুট করে নেয় এবং গরুর খামারে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্টিলের দরজা ও পানির ট্যাংকিও লুট করে নিয়ে যায়। এছাড়া শুক্রবার সকালে হারুন ও ইস্রাফিলের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল খামার এলাকায় জড়ো হয় এবং পুকুরের পানি সেচের জন্য যন্ত্র বসিয়ে মাছ লুটের চেষ্টা চালায়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পানি সেচের সেলো মেশিনটি জব্দ করে।

অভিযোগকারী জয়নাল আবেদীন বলেন,চাঁদা না দেওয়ায় হারুন,ইস্রাফিল,
আল-আমিন,মোফাজ্জলসহ একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে খামারের পুকুর থেকে মাছ লুট করে নেয় এবং ভাঙচুর চালায়। শুক্রবার সকালে পুকুরে ছেলো মেশিন বসালে থানায় অভিযোগ করি। আশাকরি সঠিক বিচার পাব।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান,“অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একটি পানি সেচের মেশিন জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনেক চেষ্টা করেও অভিযুক্তদের সঙ্গে স্বাক্ষাৎ করা সম্ভব হয়নি এবং তাদের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এই চক্রটি কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সিন্ডিকেট করে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এদেরকে এখনই থামানো উচিত। পুলিশি তৎপরতায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এলাকাবাসী এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *