গাজীপুরে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরী এলাকায় ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার বা অনুমতি ছাড়াই বিদ্যালয়ের চারটি গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের সম্পদ এভাবে অপচয় করা ঠিক হয়নি, এটি নিয়মবহির্ভূত কাজ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাশের সড়ক সংস্কারের কাজ চলছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে কয়েকজন শ্রমিক রাস্তার ধারে থাকা তিনটি মেহগুণী ও একটি নিম গাছ সহ মোট চারটি গাছ কেটেছেন।

স্থানীয় কয়েকজন জানান, গাছগুলো বিদ্যালয়ের দীর্ঘদিনের সম্পদ ছিল। এগুলো বিনা অনুমতিতে কাটা হলে বিদ্যালয়ের ক্ষতি হবে। তারা আরও অভিযোগ করেন, গাছ বিক্রির উদ্দেশ্যেই এটি করা হয়ে থাকতে পারে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থবিরোধী।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আশরাফুল কবির জানান, বিদ্যালয়ের পাশ দিয়ে রাস্তা সংস্কার কাজ চলছে। রাস্তাটি সোজা করার জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যরা ও স্থানীয়দের পরামর্শের ভিত্তিতে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। তিনি দাবি করেন, গাছ বিক্রির ৩৪ হাজার টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়েছে। তবে স্থানীয়রা মনে করছেন গাছগুলোর বাজার মূল্য আনুমানিক ৫০/৬০ হাজার টাকা।

তবে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মচারী জানিয়েছেন, কোনো টেন্ডার বা অনুমোদন ছাড়াই গাছগুলো কাটা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদ্যালয়ের গাছ বিদ্যালয়ের সম্পদ, যা সংরক্ষণ করা উচিত ছিল। নিয়ম না মেনে এভাবে গাছ কাটা হলে ভবিষ্যতে আরও অনিয়ম হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন,
আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি কেউ বেআইনিভাবে সরকারি গাছ কেটে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *