সুজানগরে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১ জন গ্রেপ্তার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে সুজানগর থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার মথুরাপুর, নারায়ণপুরসহ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই মথুরাপুর গ্রামের বাসিন্দা এবং সবাই আওয়ামী লীগের সমর্থক ও কর্মী।

সুজানগর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, গত রোববার বিকেল ৫টার দিকে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খবর ছড়িয়ে পড়লে মথুরাপুর গ্রামের হাজারো আওয়ামী লীগ সমর্থক নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ওহাবকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এসআই মো. আজাহার আলী বাদী হয়ে আব্দুল ওহাবসহ ৬৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিউলী খাতুন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ১১ জনকে গ্রেপ্তার করে।

সুজানগর থানার ওসি জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবসহ পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুজানগর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *