
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমান সরকার বাজার সংলগ্ন ইসমাইল মাস্টারের ছেলে আমেরিকা প্রবাসী নাজমুল আলমের তিনতলা বাড়ি ‘আশরাফ মঞ্জিলে’ একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ২টা ২০ মিনিটের দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টপকে সদর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ তিন লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমেরিকা প্রবাসী নাজমুল আলমের ভাই তানিম আশরাফি জানান, তিনতলা বাড়িটির নিচতলায় তার বাবা-মা এবং দ্বিতীয় তলায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। তিনি বলেন, “মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে একটি মাইক্রোবাস বাড়ির সামনে এসে থামে। এরপর ১০-১২ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে। তারা সদর দরজা ভেঙে প্রথমে দ্বিতীয় তলায় এবং পরে নিচতলায় গিয়ে দেশীয় অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে। এরপর তারা নগদ তিন লাখ টাকা এবং ১০-১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।”
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মুঠোফোনে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে হোসেনপুর-কটিয়াদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা
- -
গাজীপুরে মাদক নির্মূলে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- -
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- All Posts
