
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হক। তিনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের জাতীয় লক্ষ্য অর্জনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “এই উৎসবের মাধ্যমে গ্রাম, শহর এবং পুরো জাতির তরুণ-যুবদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ রক্ষার সচেতনতা সৃষ্টি হবে। পৃথিবী এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তরুণদের সুপ্ত ও অজানা সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর প্ল্যাটফর্ম হিসেবে এ উৎসব ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ গত বছরের ২৯ ডিসেম্বর শুরু হয়ে এ বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সেবামূলক প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বিষয়েও আলোচনা করেন অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল।