৭৩০ যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে রূপসী বাংলা এক্সপ্রেস নতুনভাবে চালু হলো বেনাপোল-ঢাকা রুটে। মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, প্রথম দিনেই ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে পৌঁছায়। দ্বিতীয় দিনে আজ, ৭৩০ জন যাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

জানা গেছে, রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল থেকে সকাল ১০টা ৪৫শে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। তবে, ১ ঘণ্টা বিলম্বে ট্রেনটি যাত্রা শুরু করে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটার দিকে বেনাপোলে পৌঁছানোর কথা থাকলেও প্রায় ২ ঘণ্টা দেরি হয়। বেনাপোল থেকে সন্ধ্যা সাতটা ১০শে ঢাকায় পৌঁছানোর সময় নির্ধারিত থাকলেও ট্রেনটি রাত নয়টা ১০শে পৌঁছায়।

ঢাকা থেকে বেনাপোলগামী যাত্রী মো. সাইদুল ইসলাম শাহীন জানান, “অনলাইনে টিকিট কেটে আজ বুধবার বেনাপোলের উদ্দেশে ভ্রমণ করেছি। কোচগুলো অত্যন্ত আরামদায়ক। সাড়ে তিন ঘণ্টায় আমি বেনাপোলে পৌঁছে খুবই সন্তুষ্ট।”

বেনাপোল রেলস্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল মঙ্গলবার ৯২৭ জন যাত্রী নিয়ে ৮২৭/৮২৮ নম্বর বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেনটি প্রতি সপ্তাহে সোমবার বন্ধ থাকবে।”

তিনি আরও জানান, “ট্রেনটির সময়সূচি নিয়মিত করা হবে। এতে ১২টি বগি রয়েছে, যার মধ্যে ১১টি যাত্রীবাহী এবং ১টি পণ্যবাহী। ১১টি বগিতে মোট ৭৬৮টি আসন রয়েছে। এই ট্রেনের একটি লাগেজ ভ্যানের মাধ্যমে বেনাপোল, যশোর ও আশপাশের এলাকার বিভিন্ন ভোগ্যপণ্য বা মালামাল ঢাকায় পাঠানো যাবে। আজ ট্রেনটি দুপুর সাড়ে তিনটায় বেনাপোল থেকে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটা ১০শে ঢাকায় পৌঁছানোর কথা। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা জংশন স্টেশন থেকে যাত্রী উঠিয়ে থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *