
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে দক্ষিণ গোবিন্দপুর গ্রাম উন্নয়ন সামাজিক শক্তি কমিটি এবং ব্র্যাকের ইউপিজি উদ্যোগে পলিথিন ব্যবহার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পলিথিন ব্যবহারের কারণে গ্রামাঞ্চলের কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।
কৃষি প্রধান এই দেশে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ এবং জমির উর্বরতা বাড়ানোর লক্ষ্যে ব্র্যাক ও সামাজিক শক্তি কমিটির যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ গোবিন্দপুর গ্রাম উন্নয়ন সামাজিক শক্তি কমিটির আয়োজনে পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে করণীয় বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ গোবিন্দপুর গ্রাম উন্নয়ন সামাজিক শক্তি কমিটির সভাপতি এবং জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ফকির। তিনি বলেন, “পলিথিন ও প্লাস্টিক আমাদের জীবনের জন্য অভিশাপে পরিণত হয়েছে। পরিবেশ রক্ষায় এখনই আমাদের পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে এবং এর বিকল্প উদ্ভাবনে মনোযোগ দিতে হবে। পাটজাত পণ্য হতে পারে আমাদের জন্য একটি কার্যকর সমাধান। পাটজাত পণ্য রপ্তানি করেও বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ইউপিজি গোবিন্দপুর ইউনিয়ন শাখার ম্যানেজার মিসেস দিলরুবা ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন এবং ফাতেমা বেগম।
সভা শেষে ইউপিজি উপকারভোগী সদস্যদের নিয়ে নিষিদ্ধ পলিথিন কুড়িয়ে তা ধ্বংস করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পলিথিনের ব্যবহার পরিহার এবং বিকল্প পদ্ধতি গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উপস্থিত সকলে যত্রতত্র পলিথিন না ফেলার এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।