
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া নামাপাড়া গ্রামের কৃষক ইসমাইল মিয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বসতঘর, গোয়ালঘর, গোলাভরা ধান, দীর্ঘদিনের জমানো টাকা, ও গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইসমাইল মিয়া তার গোয়ালঘরে গরুকে মশার হাত থেকে রক্ষার জন্য খড়খুটা ও শুকনো গোবর দিয়ে ধোঁয়া দেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুন ভয়াবহ রূপ ধারণ করলে ইসমাইল মিয়ার বসতঘর ও রান্নাঘরে রাখা ১৩০ মণ মজুত ধান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের মেছেরা, আতকা পাড়া, পিপলা কান্দি গ্রামের মানুষ কলাগাছ কেটে ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এর মধ্যেই পাশের মিলন মিয়া, আতাব মিয়া, স্বপন মিয়া, মালেক মিয়া এবং আব্দুল হেলিম মিয়ার ৬টি গোয়ালঘরও পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে সরু রাস্তার কারণে তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বলে জানান হোসেনপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শামছুল আলম।
ইসমাইল মিয়া কৃষিকাজের পাশাপাশি ধান-চালের ব্যবসা করতেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তার জীবনযাত্রায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।
ঘটনার পর হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন হোসেনপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এবং অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
