
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতের ঘটনায় রণক্ষেত্রের রূপ নেয়। এই ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাতে মরহুম শামসুল আলম মেম্বারের ছেলে অন্তর নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং কিল-ঘুষি দিয়ে তাকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
কিছুক্ষণ পর হামলাকারীরা রাসেল ও হিমেলের নেতৃত্বে পুনরায় দলবদ্ধ হয়ে বোগলাবাজারে আসে। এ সময় তাদের সঙ্গে সুহাগ, মিজান, শফিকুল, জুবায়েল, রানা, হাসান, খোরশেদ, রাজন, নাইম, পায়েল, ডালিম, বাপ্পি, রাব্বি, রায়হানসহ ১৫-২০ জন ছিল। তারা বাজারে আতঙ্ক সৃষ্টি করে, ব্যবসায়ী ও পথচারীদের ভয় দেখিয়ে দোকান বন্ধ করতে বাধ্য করে।
বাজার ছাড়তে দেরি হওয়ায় তারা হাতে থাকা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। আশপাশের লোকজন এগিয়ে এলে পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি ছাত্রদলের কর্মী মোল্লাপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে তানভীর সিদ্দিকী (১৯)। তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
বাজারের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, “ওদের কারণে আমরা ব্যবসা ও বসবাস করতে পারি না। ওরা নিয়মিত বাজারে নেশা করে, মানুষকে হয়রানি করে। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা আমাদের দোকান বন্ধ করতে বাধ্য করে। হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।”
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হামলাকারীরা আওয়ামী চুরাকারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্য। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আমরা ইতোমধ্যে ২ জনকে আটক করেছি। সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। হামলাকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
