ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের শিকার ২৪ জন নারী, শিশু ও পুরুষ দেশে প্রত্যাবাসিত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) রাতে ৮টার দিকে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের গ্রহণ করেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া, সেকেন্ড অফিসার নয়ন রায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের এবং রাইটস যশোরের কর্মকর্তারা।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট এবং ঢাকা জেলায়।

রাইটস যশোরের কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবাসিত নারীরা এক থেকে আট বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন। প্রতিশ্রুত কাজ না দিয়ে তাদেরকে পাচারকারীরা খারাপ কাজে ব্যবহার করে। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি শেল্টারহোমে প্রেরণ করে। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত করে। এরপর দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ফেরত আসা ব্যক্তিরা পাচারের শিকার হয়েছিলেন। পাচারকারীরা বিভিন্ন সময়ে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গিয়েছিল। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। সেখানে থেকে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং এসিডি রাজশাহীর কাছে তাদের জিম্মায় দেওয়া হয়।

রাইটস যশোরের তৌফিকুজ্জামান আরও জানান, প্রত্যাবাসিতদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে রাইটস যশোরের শেল্টারহোমে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *