
বেনাপোল প্রতিনিধি: নবান্ন শব্দের অর্থ “নতুন অন্ন”। নবান্ন হলো হেমন্তের প্রাণ। নতুন ধান থেকে তৈরি হয় পিঠা, পায়েস, ক্ষীরসহ নানা রকম খাবার। ফলে প্রতিটি ঘর হয়ে ওঠে উৎসবমুখর। যশোরের শার্শা উপজেলা এবং বেনাপোল পৌরসভা এলাকাতেও পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে। কোথাও কোথাও চলছে ধান মাড়াইয়ের ধুম। ইতোমধ্যে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। আর ক’দিনের মধ্যেই নতুন ধানের চাল দিয়ে শুরু হবে নবান্ন উৎসব। সোনালী ফসল ঘরে ওঠার আনন্দে কৃষক ও কৃষাণীদের মুখে ফুটেছে সোনালী হাসি। এই উৎসব বরণ করতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকের সোনালী স্বপ্ন বাতাসে দুলছে। ধান কাটার কাজ চলছে পুরোদমে। স্বপ্নের ফসল ঘরে তুলতে কৃষক-কৃষাণীরা কোমর বেঁধে কাজ করছেন। এক দম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, নবান্ন উৎসব মানেই হৃদয়ের বন্ধনকে আরও গাঢ় করার এক অনন্য উপলক্ষ। পাকা ধানের সোনালী রং দেখে তাদের মন ভরে গেছে আনন্দে। নতুন আমন ধান ঘরে তোলার আনন্দে তারা দিনরাত কাজ করছেন। এটি তাদের কাছে এক অনন্য অনুভূতি।
বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, তারা নবান্ন উৎসবের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। নতুন ধানের পায়েস, পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, মুট্টা পিঠা, রসের পিঠা ও পুলি পিঠাসহ নানা ধরনের মজাদার খাবার তৈরি করবেন। এ উপলক্ষে মেয়ে-জামাইদের শ্বশুরবাড়িতে আগমন ঘটবে।
কায়বা ইউনিয়নের কৃষক রওশন আলী বলেন, “আমরা নতুন ধান কাটা শেষ করেছি। বাড়িতে নেওয়ার পর মাড়াই করব। নতুন ধানের চাল দিয়ে পরিবারের সবাই মিলে নবান্ন উৎসব করব। আমন ধান মানেই প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিয়ে একসঙ্গে নবান্ন উৎসব করা। এতে সবাই আনন্দ ভাগাভাগি করে নেয়।”
ডিহি ইউনিয়নের কৃষক মশিয়ার রহমান জানান, “সোনালী ধানের মৌ মৌ গন্ধে মন ভরে গেছে। আর ক’দিন পরই নতুন ধানের চাল দিয়ে মজাদার খাবার তৈরি করা হবে। নবান্ন উৎসবকে ঘিরে এখন রীতিমতো উৎসবের আমেজ বইছে।”
শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, “চলতি মৌসুমে ভারি বৃষ্টির কারণে কিছু নিম্নাঞ্চলে ধানের ক্ষতি হয়েছে। তবে উপজেলায় ২১ হাজার ১৪২ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ হয়েছে। বর্তমানে পুরোদমে ধান কাটা চলছে। নতুন ধানের চাল দিয়ে কৃষক পরিবারের সদস্যরা নবান্ন উৎসব উদযাপনের জন্য দিন গুনছেন।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
