
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসানুর রহমানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দেওয়ায় অপহরণ করে ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে যশোরের আদালতে মামলা হয়েছে।
গত মঙ্গলবার, ১২ নভেম্বর, আসানুর রহমান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন কাশিয়াডাঙ্গা গ্রামের ইয়াছিন আলীর দুই ছেলে ইউনুস আলী ও মারোয়ান, আজিবার রহমানের ছেলে বাশিউর রহমান (বাশি), বাশিউরের জামাই আব্দুর রহমান, হারেজ মোড়লের ছেলে মোস্তফা, মোস্তফার ছেলে হাবিবুর রহমান, কিতাব আলীর ছেলে আব্দুল আলিম, আব্দুল আলিমের ছেলে নুর হোসেন, এবং রামপুর গ্রামের দাউদ গোলদারের দুই ছেলে লাল্টু হোসেন ও মিন্টু হোসেন।
মামলায় বাদী উল্লেখ করেন যে তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করতেন এবং দেশে ফিরে নিজ এলাকায় ব্যবসা শুরু করেন। তার এই ব্যবসায় আসামিদের নজর পড়ে এবং ব্যবসা করতে হলে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়।
১৯ অক্টোবর শার্শা বাজার মোড় থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তার কাছে চাঁদার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় অস্ত্রের মুখে তার পালসার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। ওই রাতেই থানায় অভিযোগ দিতে গেলে আসামিরা তাকে অপহরণ করে রামপুর বাজারে নিয়ে যায়। এরপর তার পরিবারকে খবর দিলে স্ত্রী শারমীন ও ভাই হাসানুরসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছান। তখন আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তিনটি ১০০ টাকার ননজুডিসিয়াল অলিখিত স্ট্যাম্পে আসানুর ও তার পরিবারের সদস্যদের স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এছাড়া আসানুরের কাছে থাকা নগদ ৪১ হাজার টাকা ও মোটরসাইকেলের কাগজপত্রও ছিনিয়ে নেওয়া হয়। চাঁদার টাকা এক সপ্তাহের মধ্যে দিতে বলা হয়, অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ কারণেই বাদী আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
