গাজীপুরে বনভূমি দখলের চেষ্টা: বহুতল ভবন নির্মাণের সময় ৪ জন আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের সময় চারজনকে আটক করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আদালত বন আইনে মামলা দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মনিপুর এলাকায় সেনাবাহিনীর একটি দলের সহযোগিতায় রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ ভবন ভেঙে বনের জমি জবরদখলমুক্ত করে বন বিভাগ।

আটক ব্যক্তিরা হলেন— লালমনিরহাট সদর উপজেলার রাজপুর গ্রামের ওপেন দুয়ারীর ছেলে রনজিত (৪৫), স্থানীয় মনিপুর এলাকার নাজিরের ছেলে কালাম (৪৮), পাবনার আমিনপুর থানার শিবপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে খোকন শেখ (৪০), এবং সিরাজগঞ্জ সদর উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের মৃত রজব প্রামাণিকের ছেলে রফিকুল (৪৭)।

অভিযানে রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে সকল বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা জানান, মনিপুর বিটের মনিপুর এলাকায় পিরুজালীর আমিনুল ইসলামের ছেলে সুমন মাহমুদ বনের জমি দখল করে বাড়ি নির্মাণ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় জমিটি দখলমুক্ত করা হয় এবং চারজনকে আটক করা হয়। পল্লী বিদ্যুতের কর্মীদের দিয়ে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ৫ আগস্ট থেকে গাজীপুরে বন বিভাগের জমি দখলের প্রচেষ্টা চলছে। বন বিভাগের কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে গেলে রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট এলাকায় ভূমিদস্যুদের দ্বারা অতর্কিত হামলার শিকার হন।

এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি মামলাও করা হয়। পরে ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *