গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ওয়ার্ড যুবদল নেতাকে শোকজ নোটিশ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নে ছাত্রদল নেতা জসিম উদ্দিনকে মারধর এবং আওয়ামী লীগ নেতার সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগে ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদারের বিরুদ্ধে শোকজ নোটিশ দিয়েছে ইউনিয়ন যুবদল। একই সঙ্গে বিএনপির একটি অনুষ্ঠানে নিজ দলের কর্মীর সঙ্গে অসদাচরণ ও হাতাহাতির ঘটনায় ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের প্যাডে আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিনের স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয় তাদের কাছে। নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়েছেন। এসব কার্যকলাপের ব্যাখ্যা দিতে তাদের ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, আওয়ামী লীগের স্থানীয় নেতা আমজাদ হোসেনের সঙ্গে অংশীদারিত্বে ঝুট ব্যবসায় যুক্ত হওয়ায় বিতর্কের মুখে পড়েন এমদাদ শিকদার। পরবর্তীতে ওই ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জসিম উদ্দিনকে মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

অন্যদিকে, বিএনপির একটি দলীয় অনুষ্ঠানে নিজ দলের কর্মীদের সঙ্গে অসদাচরণ ও হাতাহাতির অভিযোগ ওঠে ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বিরুদ্ধে।

এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এমদাদ শিকদার ও মঞ্জুরুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যদি ৭ ফেব্রুয়ারির মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উক্ত সময়ে আমি জয়দেবপুর থানার ভেতরে ছিলাম, যা থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই প্রমাণ পাওয়া যাবে। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, “আমাদের বিএনপির দলীয় একটি প্রোগ্রামে আওয়ামী লীগের এক ব্যক্তিকে উপস্থিত দেখে আমি তার উপস্থিতির কারণ জানতে চাই। পরে ওই ব্যক্তি উল্টো আমার ওপর চড়াও হয় এবং আমাকে মারধরের চেষ্টা করে। কিন্তু বিচার না পেয়ে এখন আমার বিরুদ্ধেই ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *