হোসেনপুরের আইনজীবীর ঢাকায় রহস্যজনক মৃত্যু, বাড়িতে শোকের মাতম

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরের এক তরুণ আইনজীবীর ঢাকায় রহস্যজনক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। জানা গেছে, ঢাকার জজ কোর্টে কর্মরত ছিলেন হোসেনপুরের তরুণ আইনজীবী অ্যাডভোকেট হাবিব উল্লাহ হাবিব (৩১)। তিনি উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর এলাকার আবুল কাসেম আমিনের একমাত্র ছেলে।

বুধবার দুপুরে অ্যাডভোকেট হাবিবের মৃত্যুর খবর পান তার সহকর্মী অ্যাডভোকেট জাফর আহমেদ সুমনের ফোনের মাধ্যমে। এ খবর বাড়িতে পৌঁছানোর পর ষাটোর্ধ্ব মা নুরজাহান বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন, “ছেলে ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন। তিনি কলাবাগান থানার ফ্রি স্কুল স্ট্রিট রোডের কাঠালবাগান এলাকার ১১/৩ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি জজ কোর্টে যাননি। পরদিন বুধবারও কোর্টে না যাওয়ায় সহকর্মীরা বারবার ফোন দিলে কোনো সাড়া না পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসার দরজা জানালা ভেতর থেকে বন্ধ। পরে কলাবাগান থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বাসার সিলিং ফ্যান থেকে অ্যাডভোকেট হাবিবের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

খবরটি শোনার পর থেকে বাবা-মা শোকে ভেঙে পড়েছেন। মৃত্যুর কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সহকর্মী অ্যাডভোকেট জাফর আহমেদ সুমনকে প্রেমঘটিত কোনো বিষয় জড়িত কি না জিজ্ঞেস করলে তিনি কোনো মন্তব্য না করে বলেন, “তেমনটা হলেও হতে পারে।” তবে তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

পরিবার ও সহকর্মীদের দাবি, এই মৃত্যু রহস্যজনক এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *