
বেনাপোল প্রতিনিধি: জনসাধারণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ বাজারে চালু করা হয়েছে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের স্বতঃপ্রণোদিত প্রচেষ্টায় পরিচালিত এই ব্যতিক্রমী উদ্যোগটির নাম দেওয়া হয়েছে “স্বস্তির বাজার”।
বুধবার (৪ ডিসেম্বর) “স্বস্তির বাজার”-এর শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান, যিনি এ উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
“সিন্ডিকেট নিপাত যাক, জনতা মুক্তি পাক” এবং “সবাই মিলে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই স্লোগান সামনে রেখে পরিচালিত “স্বস্তির বাজার” জনসাধারণের জন্য স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করছে। এখানে ডিম, বেগুন, তেল, পটল, মসুর ডাল, লাউ, ছোলার ডাল, ঢেঁড়শ, চিনি, মিষ্টি কুমড়া, আটা, কপি, আলু, শিম, লবণ, পেঁপে, কলা, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং সবুজ শাকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নাভারণ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ এবং শার্শা উপজেলার কর্মী সুজন হোসেন, নাহিদ আক্তার, ইকরাম মোল্লা, তাজমুল হাসান, হাবিব, রিয়াদ হোসেন ও মেহেদী হাসান প্রমুখ।
এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের আশা করা হচ্ছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
