বেনাপোলের ওহিদুলের মরদেহ উদ্ধার: দু’জনের বিরুদ্ধে হত্যা মামলা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলামকে হত্যার অভিযোগে দু’জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার, ১৯ নভেম্বর, নিহতের স্ত্রী শিল্পী খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিরা হলেন ছোট আঁচড়া গ্রামের খলিলের ছেলে আলী এবং মৃত কাওছার আলীর ছেলে আক্তার মাহমুদ বাবলু। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী বেনাপোল পোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, ঘটনাটি নিয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামি আক্তার মাহমুদ বাবলু একজন ঘের ব্যবসায়ী। বাবলুর সাথে ওহিদুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ওহিদুল তার ঘের দেখাশোনা করতেন। কিছুদিন আগে বাবলু ওহিদুলের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তোলেন। এ অপবাদের কারণে ওহিদুল বাবলুর ঘেরে যাওয়া এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন।

গত ১০ অক্টোবর সকালে বাবলু ওহিদুলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর ওহিদুল আর বাড়ি ফিরেননি। পরিবার খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরদিন বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওইদিন দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাবলুর ঘের থেকে ওহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তে ওহিদুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেলেও পুলিশ কোনো হত্যা মামলা রেকর্ড করেনি। অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে বাবলু ও আলী ওহিদুলকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘেরে নিয়ে যান। সেখানে তাকে পিটিয়ে হত্যা করে এবং মরদেহে ইট বেঁধে পানিতে ফেলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *