
এম এ আলিম রিপন (পাবনা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রবিবার পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বদরুন্নেছা কিন্ডারগার্টেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠা করুক, তার পরিচয় জানতে হবে না। সে কোন দলের, ধর্মের বা গোত্রের তা বড় বিষয় নয়। জ্ঞানী ব্যক্তি যেই হোক, তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে হবে।” তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজকে আলোকিত করতে এবং বাংলাদেশ থেকে সকল অন্যায় ও অনাচার দূর করে একটি উন্নত দেশ গড়ে তুলতে তরুণদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তি দমিয়ে রাখতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না।”
শিমুল বিশ্বাস উল্লেখ করেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্ক্ষা পদদলিত করে আধিপত্যবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল। আজও সেই চক্র ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তাই দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না।”
বিএনপির নীতির বিষয়ে তিনি বলেন, “আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা এবং ভোটের অধিকারের জন্য আমরা রাজপথে সংগ্রাম করেছি। জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, তাহলে আমরা সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করব।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রউফ খান। সঞ্চালনায় ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস এবং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন বদরুন্নেছা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খান এবং বদরুন্নেছা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমাতুজ্জোহরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
