
স্টাফ রিপোর্টার :- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের গেজেটসংক্রান্ত জমিজমার সমস্যা সমাধানে সংসদে বিল পাস হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন রিজভী বলেন, “এ এলাকার মানুষের জমির গেজেটসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য আমাদের এমপি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মাধ্যমে বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এর পরপরই তা বিল আকারে পাস হয়েছে। এখন থেকে গেজেটের কারণে কারও জমিতে বন বিভাগের লোকজন ঝামেলা করতে পারবেন না। যারা এতদিন জমির খাজনা-খারিজ করতে পারেননি, তারা এখন থেকে ভূমি অফিসের মাধ্যমে জমির খাজনা দিতে পারবেন।”
তিনি বলেন, “আমাদের এমপির মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। এ এলাকার যেসব রাস্তার কাজ এখনো হয়নি, সেগুলো ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষে নতুন ইট আসা শুরু হলে এসব রাস্তার কাজ শুরু হবে।”
রিজভী আরও বলেন, “আমাদের সদর উপজেলায় এখনো কোনো হাসপাতাল করা হয়নি। আমাদের এমপি যেহেতু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, তাই আশা করছি, মানুষের চিকিৎসাসেবা সহজ করতে তিনি দ্রুত সদর উপজেলায় একটি হাসপাতালের ব্যবস্থা করবেন।”
তিনি বলেন, “এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও উন্নয়নের বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।”
সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য তোফাজ্জল হোসেন শেখের সভাপতিত্বে এবং ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমীন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সদর উপজেলা জাসাসের সদস্য জাহাঙ্গীর আলম, বৃহত্তর ভাওয়াল মির্জাপুরের সাবেক ইউপি সদস্য সদর উদ্দিন শেখ খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।