
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অনূর্ধ্ব-২২ এরশাদনগর ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে রংধনু এফসিকে টাইব্রেকারে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম–৪৯।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল পাঁচটায় এরশাদনগরের ৬ নম্বর ব্লক মসজিদ মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও গোলের দেখা পায়নি। পরে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। টিম–৪৯ দুটি গোল করলেও রংধনু এফসির কোনো শট জালে যায়নি। ফলে ২–০ ব্যবধানে জয় পায় টিম–৪৯।
ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর টিম–৪৯-এর খেলোয়াড় ও সমর্থকেরা উল্লাস করেন।
টিম–৪৯ একটি সামাজিক ও ক্রীড়া সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান মো. মিরাজ মিয়া এবং ভাইস চেয়ারম্যান মো. ফয়সাল শেখ। খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছে সংগঠনটি।
টিম–৪৯-এর চেয়ারম্যান মো. মিরাজ মিয়া বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাঠমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। টিম–৪৯ খেলাধুলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করবে।
ভাইস চেয়ারম্যান মো. ফয়সাল শেখ বলেন, “তরুণদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে চাই। মাদক প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। টিম–৪৯ ভবিষ্যতেও খেলাধুলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
ফাইনালে জয়কে ঘিরে টিম–৪৯-এর খেলোয়াড়, সংগঠনের সদস্য ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।