
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা পূর্বপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বড় ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, শিরিরচালা পূর্বপাড়ার রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী রুবিনা বেগম (৩০), রফিকুল ইসলামের কর্মচারী রেজওয়ান (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তার বসতবাড়ির উত্তর-পূর্ব পাশে থাকা প্রায় সাড়ে ৩ শতাংশ জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়, গত ২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। পরে তারা সীমানাপ্রাচীর ও টিনের বেড়া ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিলে ইসমাইল হোসেনকে মারধর করা হয়। তার চিৎকার শুনে চাচাতো ভাই ইউনুছ আলী এগিয়ে এলে তারই ভাতিজা রফিকুল ইসলাম তাকেও মারধর করে।
একপর্যায়ে রফিকুল ইসলাম দা দিয়ে তার চাচা ইউনুছ আলীর মাথায় কোপ দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে ইউনুছ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত রফিকুল ইসলামের মায়ের দাবি, হোটেলের কর্মচারীকে ইউনুছ আলী লাঠি দিয়ে আঘাত করায় সে-ও ইউনুছ আলীর মাথায় আঘাত করে। তবে তাকে দা দিয়ে কোপ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।