
স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর সদর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুুলাই) বিকেলে জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাফারি পার্ক রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিজভী। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক হাজী মোস্তফা শেখ, সদস্য সচিব আল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খোকা, গাজীপুর সদর উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ (বিএসসি), যুগ্ম আহ্বায়ক নাজমুল শিকদার, সুজন হোসেন, সজীব হোসেন শিকদার, নাসির মোল্লা, আনোয়ার বেপারী, আবুল হোসেনসহ জেলা ও উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর সদর উপজেলা তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উল্লেখ্য, গত ১ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর সদর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সেলিম ভূঁইয়াকে আহ্বায়ক এবং জাহেদুল ইসলাম জনিকে সদস্য সচিব করা হয়।