
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা মিনারপাড়া এলাকায় রাস্তা কেটে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বিএনপির নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার সকালে "এলাকাবাসীর ব্যানারে" শিরিরচালা এলাকার স্থানীয় বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিরিরচালা এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যেত। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়তেন। এ সমস্যা সমাধানে এলাকাবাসীর উদ্যোগে ও একটি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়।
তারা অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ফখরুল সরকারের নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ফখরুল সরকার বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সবাই মিলে নিজস্ব অর্থায়ন এবং একটি কোম্পানির সহযোগিতায় ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু হঠাৎ বর্ষা শুরু হওয়ায় ভারী বৃষ্টির কারণে রাস্তা সংস্কারের কাজ বিলম্বিত হয়েছে।
তিনি বলেন, ড্রেন নির্মাণে যে পরিমাণ অর্থ সংগ্রহ হয়েছিল, তার চেয়েও বেশি ব্যয় হয়েছে। পরবর্তীতে আমি ব্যক্তিগত অর্থায়নে রাস্তার কিছু অংশ সংস্কার করেছি। পাশাপাশি স্থায়ীভাবে সিসি ঢালাইয়ের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে কাজ করতে গিয়ে এখন আমাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের মতো ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, ফখরুল সরকারের সহযোগিতায় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তাদের অনুরোধেই পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়। রাস্তার ওপর দিয়ে ড্রেন নির্মাণের পর সংস্কারে কিছুটা সময় লাগা স্বাভাবিক হলেও সেটিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
অন্যদিকে, এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি এমদাদ হোসেন বলেন, ড্রেন নির্মাণের পর দীর্ঘ সময় রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও দ্রুত সমাধান না পাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরে তারা প্রতিবাদ করেছিলেন।