
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের মজুতকৃত সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুত করে রেখেছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় এবং পণ্য মজুতের দায়ে ইয়াসিন আরাফাতকে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৩ ও ৬ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অভিযান চলাকালে জব্দকৃত প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেটগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. বদরুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারী রোধে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।