
মাহবুবুর রহমান, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: নির্বাচনের পর প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেছেন গাজীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত এ এমপি কাপাসিয়ার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রমজানের ৮ তারিখ বিকেলে কাপাসিয়া উপজেলা ভূইয়া মার্কেটের তৃতীয় তলায় দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভাজুড়ে ছিল খোলামেলা আলোচনা, প্রশ্নোত্তর ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ইঙ্গিত।
এমপি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, “আমি আপনাদের ভাই, বন্ধুর মতো পাশে থাকতে চাই। আমার ভুল হলে ধমক দিয়ে হলেও সংশোধন করে দেবেন। আমি চাই, আপনাদের ভাইকে নিয়ে আপনাদের আগে কেউ যেন কিছু বলতে না পারে, সেটি আপনারাই নিশ্চিত করবেন।”
আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আমি খালি পকেটে এমপি হয়েছি, খালি পকেটেই বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ। দুর্নীতির সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো সম্পৃক্ততা পাবেন না—কথা দিলাম।” কোনো অনিয়মের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
কাপাসিয়ার নাগরিক সমস্যাগুলো সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রতিদিন অসংখ্য অভিযোগ জমা পড়ছে। প্রাপ্ত অভিযোগ ও সাংবাদিকদের পরামর্শ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। জামায়াতে ইসলামীর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কাপাসিয়া প্রেসক্লাবের সংস্কারে কাজ করার এবং প্রয়োজন হলে ব্যক্তিগত অর্থ ব্যয়ের প্রতিশ্রুতিও দেন।
সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, “সমালোচনাকারী আমার শত্রু নয়, বরং সংশোধনের সুযোগ করে দেওয়া একজন বন্ধু।
এসময় সাংবাদিকরা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তাদের প্রশ্নের মধ্যে ছিল—মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ, ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধ, শাল-গজারি বন উজাড় রোধ, কাপাসিয়া প্রেসক্লাবকে প্রভাবমুক্ত রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ ক্ষমতার বিপক্ষে গেলেও এমপির অবস্থান ক্লিয়ার করা, চাঁদাবাজি প্রতিরোধ এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত ৮ জন ডেপুটেশনে থাকা চিকিৎসককে ফিরিয়ে এনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এসব বিষয়ে জবাবে এমপি বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাপাসিয়ার গুরুত্বপূর্ণ সব ইস্যুতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
মতবিনিময় শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আলোচনা ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে কাপাসিয়ায় উন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
