
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক স্তরের প্রতিযোগিতা।
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উদ্ভাবনী ও দক্ষতার প্রদর্শনীতে ঝলমলে সাফল্য দেখায়। প্রধান অতিথি ছিলেন উপ-সচিব মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।
প্রধান অতিথি মোঃ রেজাউল ইসলাম, উপ-সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো আমাদের আত্মবিশ্বাসী করে তোলে যে, তারা ভবিষ্যতে জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা বলেন,“চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং নতুন নতুন উদ্ভাবনে অনুপ্রাণিত করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন,“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবর্তনের নায়ক। তাদের উদ্ভাবন ও মেধা বিকাশে সরকার সব সময় পাশে থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক বলেন,“প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রযুক্তি নয়, সময় ব্যবস্থাপনা, দক্ষতা ও দলগত কাজের মানসিকতাও শিখছে। এটি ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে।
উপস্থিত অধ্যক্ষ মো. শাহজাহান কবির বলেন,“আমাদের শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে।
প্রদর্শনীতে মোট ৬টি স্টলে ২৪টি প্রজেক্টের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তি উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। তারা আরও বিস্তৃতভাবে প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।