
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ব্যারিস্টার কায়সারের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে মহানগরের টঙ্গী থানাধীন বনমালা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই মামলায় ভবানীপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে আনোয়ার হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মালিরচর চালাকপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে জাহির আলী (৪০), রৌমারী থানার চর ফুলবাড়ী গ্রামের জুনুউদ্দিনের ছেলে মো. মটু মিয়া (৩৭)।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহম্মেদ বলেন, এরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। ব্যারিস্টার কায়সারের বাড়ির ডাকাতি ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। জিজ্ঞাসাবাদে দলের অন্যান্য সদস্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব শিগগিরই পুরো চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে।