
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবননাশ নয়, বরং দেশের মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিনের আলোয় জনসমক্ষে একজন সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে, দেশের সকল সাংবাদিক সংগঠনকে একত্রিত করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে এভাবে প্রাণ হারাতে না হয়। বক্তারা একবাক্যে বলেন, “তুহিনের রক্ত বৃথা যাবে না—ন্যায়বিচারের জন্য দেশের প্রতিটি সাংবাদিক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
মানববন্ধনে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি মাহাবুব হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।