
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের নির্ধারিত সময়সূচির সামান্য পরিবর্তনকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ময়মনসিংহের জেলা প্রশাসকের হলরুমে দুপুর ১২টায় এই চেক বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ওই সময় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি মিটিং চলছিল, যা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হওয়ায় অনুষ্ঠানটি প্রায় ৪৫ মিনিট পিছিয়ে যায়।
এ পরিস্থিতিতে ময়মনসিংহ প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকের প্ররোচনায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আব্দুল্লাহ দ্রুত সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসকের অপেক্ষা না করেই হলরুম ত্যাগ করেন। পরে তারা রাস্তায় গিয়ে শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক মুফিদুল আলম এই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে বলেন,
"জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মিটিং দীর্ঘ হওয়ায় অনুষ্ঠানটি কিছুটা দেরিতে শুরু করার প্রয়োজন ছিল। আমি নিজেই অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনো ধরনের পূর্বাবগতির সুযোগ না দিয়েই তারা হলরুম ত্যাগ করেন এবং বাইরে গিয়ে চেক বিতরণ করেন। পরে কিছু গণমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়, যা খুবই দুঃখজনক।"
এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের আন্দোলন চলমান রয়েছে। অনেকেই মনে করছেন, এটি জেলা প্রশাসককে বিতর্কিত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে স্থানীয় সাংবাদিক মহল ও জেলা প্রশাসনের মধ্যে তৈরি হওয়া এই দূরত্ব পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।